যুক্তরাষ্ট্রের উন্নয়ন-সহযোগিতা তালিকার শীর্ষে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উন্নয়ন-সহযোগিতার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। মার্কিন প্রশাসন বেশ কয়েকটি দেশকে কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য খাত ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি খাতেই অগ্রাধিকার পাবে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্থার কাজিন এ কথা বলেছেন।গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা যাত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাজিন বাংলাদেশে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন।গত বছর ইথিওপিয়া ও তানজানিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে কাজিন বলেন, বাংলাদেশ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ থেকে এগিয়ে গেছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উন্নয়নের ওপর জোর দেওয়ার কথা বলে আর্থার কাজিন বলেন, কৃষকের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে দেওয়ার সুযোগ করে দিলে একই সঙ্গে কৃষি উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়। চমৎকার সড়ক যোগাযোগব্যবস্থা থাকায় কৃষি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আদর্শ দেশ।খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: রাষ্ট্রদূত কাজিন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশের খাদ্যনিরাপত্তায় বিনিয়োগ করতে বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থা ও দেশকে অনুরোধ জানানো হবে। তবে সব আন্তর্জাতিক সংস্থা যাতে এ খাতে বিনিয়োগ করতে পারে, সে জন্য বাংলাদেশের বিনিয়োগ পরিকল্পনাকে পরিমার্জন করতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তায় ইতিমধ্যে বাংলাদেশ ২৮টি ক্ষেত্রকে চিহ্নিত করে বিনিয়োগ পরিকল্পনা তৈরি করেছে। গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম থেকে ইতিমধ্যেই বাংলাদেশ ৫২ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। দ্বিতীয় দফায় বাংলাদেশ পুষ্টিমান নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা প্রত্যাশা করে। সরকারি খাদ্য বিতরণব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি উন্নয়ন-সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।এ সময়ে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ডেনিস রোলিন্স এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি এড স্পাইকার্স উপস্থিত ছিলেন।