মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় ‘পদ্ধতিগত ত্রুটি’ রয়েছে বলে ফের যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
যুদ্ধাপরাধবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপের কাছে ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক অবস্থান তুলে ধরেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে পদ্ধতিগত এই ত্রুটির কথা বলা হয়েছে।
প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে আবদুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ওই বৈঠকে উপস্থিত ছিল। স্টিফেন জে র্যাপ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
দুই দিনের সফরে স্টিফেন জে র্যাপ গতকাল ঢাকায় এসেছেন। মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ার বিষয়ে আলোচনার জন্য এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় এলেন তিনি।
জানতে চাইলে আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘আমরা ট্রাইব্যুনালের মামলায় বিভিন্ন পদ্ধতিগত ত্রুটির কথা স্টিফেন র্যাপকে জানিয়েছি।
আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধন করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনালের ফটকের সামনে থেকে সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের চেয়ে আসামিপক্ষকে কম সুযোগ দেওয়া হয়েছে, আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এবং জেরার জন্য আসামিপক্ষ পর্যাপ্ত সুযোগ পায়নি। সামগ্রিকভাবে বিচার-প্রক্রিয়ায় প্রচলিত আইন ও সংবিধান লঙ্ঘনের বিষয়টি তাঁকে জানিয়েছি।’
স্কাইপ কথোপকথন ফাঁসের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারপতির স্কাইপ কথোপকথন ফাঁস হওয়ার পর ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার নতুন করে বিচার-প্রক্রিয়া শুরু করা উচিত ছিল। অথচ সেটি হয়নি। এ বিষয়টি তাঁকে জানিয়েছি।’
আবদুর রাজ্জাক বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরের সমাবেশের চাপের মাধ্যমে বিচার-প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। এতে বিচারের পরিবেশ বিঘ্নিত করা হয়েছে। এ বিষয়টিও আলোচনায় এসেছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়, বিশেষ করে দেলাওয়ার হোসাইন সাইদীর রায়কে কেন্দ্র করে দেশজুড়ে জামায়াতের সহিংসতা নিয়ে র্যাপ জানতে চেয়েছেন কি না, জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তিনি জানতে চাননি। মূলত বিচার-প্রক্রিয়া নিয়েই কথা হয়েছে।