যুক্তরাষ্ট্রের কারণে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে চলেছে। প্রভাব বিস্তারের মাধ্যমে পদ্মা সেতুসহ অন্যান্য খাতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যান্য খাতেও বৈদেশিক অর্থপ্রবাহ আটকে দিয়ে তারা দেশের অর্থনীতিকে চাপে ফেলতে চাইছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত ‘বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ: জনগণের প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেছেন। গতকাল সোমবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত ওই সভায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনেক কথা হয়েছে মন্তব্য করে বলেন, এবার এই অপশক্তির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সব দেশপ্রেমিক ও গণণতান্ত্রিক শক্তিকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তেল-গ্যাস রক্ষা আন্দোলনের সমালোচনা করে মেনন বলেন, এই আন্দোলনের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে লড়াই বেগবান করা যেত। কিন্তু এর সঙ্গে কতগুলো বিষয় যুক্ত করে পুরো আন্দোলনটিকে লক্ষ্যচ্যুত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম সা’দউদ্দিন বলেন, সাম্রাজ্যবাদ এখন আর পুরোনো চেহারায় নেই। নতুন রূপে আবির্ভূত হয়েছে। নানা চুক্তির মধ্য দিয়ে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকেল লামিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি করা হয়েছে। অথচ কিছু ছাত্রসংগঠন ছাড়া এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি। ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, সব বামপন্থী মিলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করা উচিত। গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলছে। আমাদের শিক্ষা, সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ সব ক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ন্ত্রণ নিচ্ছে। এসব ক্ষেত্রে আন্দোলন গড়ে তুলতে হবে।’ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসান তারিক চৌধুরী। তাতে বলা হয়, ২০১০ সালের ১ এপ্রিল মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কৌশলগত উন্নয়ন শীর্ষক একটি প্রতিবেদন প্রস্তুত করে। তাতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় পরিবর্তনশীল রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিরাট স্বার্থ রয়েছে। বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ গ্যাসসম্পদ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে সেখানে মার্কিন স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে।