যুক্তরাষ্ট্রের কারাগারে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের একটি কারাগারে আত্মহত্যা করেছেন নাটোরের লালপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের যুবক মহরম আলী।
পারিবারিক সূত্র জানায়, বড়বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মহরম আলী ২০১১ সালের জুনে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রে যান। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ডানকিন ডোনাট নামের একটি রেস্তোরাঁয় তিনি বিক্রয়কর্মী হিসেবে কাজ নেন। কয়েক মাস পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকলেও অর্থ ছিনতাইয়ের এক অভিযোগে গত বছরের শুরুতে তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। ৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার কারাগারে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
সূত্র জানায়, মহরম আলীর আত্মহত্যার ওই খবর ফিলাডেলফিয়ায় বসবাসরত নাটোরের বাসিন্দা জয়নাল আবেদীন মহরম আলীর এক স্বজনকে জানান। লাশ দেশে ফিরিয়ে আনতে অন্তত আট লাখ টাকা লাগবে বলে দাবি তাঁর পরিবারের। কিন্তু এত টাকা বহন করা সম্ভব নয় উল্লেখ করে সরকারিভাবে তাঁর লাশ আনার দাবি জানিয়েছে মহরম আলীর পরিবার।