যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগের পটভূমিতে অংশীদারত্ব সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পঞ্চম অংশীদারত্ব সংলাপ গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুই দিনের এই আলোচনায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের এবং মার্কিন আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন তাঁর দেশের নেতৃত্ব দিচ্ছেন।
সম্প্রতি বাংলাদেশে সহিংস হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই আলোচনায় নিরাপত্তা সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংলাপের আগে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পৃথকভাবে প্রথম আলোকে এ তথ্য জানান।
সম্প্রতি বাংলাদেশে মুক্তচিন্তা ও ভিন্ন মতাদর্শের লোকজনকে হত্যার প্রেক্ষাপটে বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নানের নৃশংস হত্যার পর নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। তাই মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত একটি বেসরকারি সংস্থায় বাংলাদেশের কর্মীদের অস্ত্র বহনের অনুমতি দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে অংশীদারত্ব সংলাপে আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সহযোগিতার প্রস্তাব এবং জুলহাজ মান্নান হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে দুই পক্ষ কথা বলবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অংশীদারত্ব সংলাপে নিরাপত্তা, উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, আন্তর্জাতিক ও আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিস্ট বিষয়ে দুই দেশ আলোচনা করছে। নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন ও সুশাসন এবং বাণিজ্য ও বিনিয়োগ—এই তিনটি ভাগে অংশীদারত্ব সংলাপে দুই পক্ষ আলোচনা করে থাকে।