যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শ্রমমান, শ্রমিকস্বার্থ সুরক্ষা ও কারখানার নিরাপত্তায় কতটা উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেখতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। মূলত যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে ১৬ দফা কর্মপরিকল্পনার কতটা বাংলাদেশ ফলপ্রসূভাবে বাস্তবায়ন করেছে, সেটি দেখাই হবে প্রতিনিধিদলের মূল কাজ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহাল নিয়ে নভেম্বরে পর্যালোচনা সভার আগের এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত শুক্রবার প্রথম আলোকে বলেন, দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানির নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ১৯ সেপ্টেম্বর ঢাকায় আসছে। প্রতিনিধিদলে থাকবেন মার্কিন পররাষ্ট্র, শ্রম, আইন ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পোশাকশিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলবে। কর্মপরিবেশের নিরাপত্তা ও শ্রমমান দেখতে প্রতিনিধিদলটি কয়েকটি কারখানা ঘুরে দেখবে।
বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বাংলাদেশের জিএসপি পুনর্বহালের আগে মাইকেল ডিলানির ঢাকা সফরটি আক্ষরিক অর্থেই এখানকার পরিস্থিতির সরেজমিন মূল্যায়ন। বাংলাদেশ জিএসপি ফিরে পাবে কি না, সেটি নির্ধারিত হবে আগামী নভেম্বরে ওয়াশিংটনের পর্যালোচনা সভায়। খুব সংগত কারণেই ডিলানি ও তাঁর সহকর্মীদের সফরটি ওই সভার জন্য অনেক উপাদান তুলে ধরবে। তা ছাড়া ২০ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই নভেম্বরের এ দুই আলোচনা বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকশিল্পের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যানহর্ন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মার্কিন প্রতিনিধিদলের সফর নভেম্বরে কমপ্যাক্ট পর্যালোচনা সভার প্রস্তুতি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে নিয়মিত আলোচনায় সহায়ক হবে। তিনি জানান, মার্কিন প্রতিনিধিদল দেশে ফিরে কংগ্রেসকে প্রতিবেদন দেবে কি না, এটি এখনো ঠিক হয়নি।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েত আল মামুন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মাইকেল ডিলানির নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক হবে। ওই বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পসহ কারখানার কর্মপরিবেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। বাণিজ্যসচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে থাকবেন শ্রম ও পররাষ্ট্রসচিব।
এদিকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ১৯ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। দুই দিনের ওই সফরের সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জানতে চাইলে শহীদুল হক গত শনিবার প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র সফরের সময় সে দেশের পররাষ্ট্র, বাণিজ্য, শ্রমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। এসব আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জিএসপি ও বাণিজ্য প্রসঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করে। তখন বলা হয়েছিল, পোশাক খাতে কাজের পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। জিএসপি পুনর্বহালের জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ওই বছরের ২০ জুলাই বাংলাদেশের সামনে ১৬ দফার একটি কর্মপরিকল্পনা বাংলাদেশ অ্যাকশন প্ল্যান, ২০১৩ তুলে ধরে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি ১৬ দফার কর্মপরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে, সেটি খতিয়ে দেখবে। রানা প্লাজাধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। তবে আরও কিছু পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র তাগিদ দিয়ে যাচ্ছে। কর্মপরিকল্পনা অনুযায়ী এখন পর্যন্ত দুটি বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। এর একটি হচ্ছে শ্রম আইন বাস্তবায়নের জন্য বিধিমালা জারি। অন্য বিষয়টি হচ্ছে দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন চালু।
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, শ্রম আইনের বিধিমালা এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। মার্কিন কর্মকর্তাদের ঢাকা সফর শুরুর আগেই এটি চূড়ান্ত করার চেষ্টা চলছে। তবে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। ওই কর্মকর্তা দাবি করেন, ইপিজেডে গঠিত শ্রমিককল্যাণ সংস্থা শ্রমিকস্বার্থ সুরক্ষায় ফলপ্রসূ ভূমিকা রাখবে।