যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ খুব একটা লাভবান হবে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বস্ত্র খাতে মাত্র এক শতাংশের মতো অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা দিয়ে থাকে। এ সুবিধা যেসব দেশ পায় বাংলাদেশকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। দেশটিকে প্রতিযোগিতা করতে হয় মূলত চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে। তা ছাড়া বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে যে শুল্ক দিতে হয়, তা সে দেশটির ভোক্তাদের ওপর গিয়েই পড়ে।তবে মরিয়ার্টির এ বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি কেউ। সেমিনারে বক্তারা বলেছেন, মরিয়ার্টির এ বক্তব্য বিভ্রান্তিমূলক ও হতাশাজনক। গবেষণা অনুযায়ী ১৫ শতাংশ শুল্ক তুলে দিলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রায় ১০০ কোটি টাকা বাড়বে।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলা হয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেহমান সোবহান সেমিনারে সঞ্চালনার দায়িত্বে ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। সম্মানিত অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জেমস এফ মরিয়ার্টি। সাবেক বাণিজমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদী সাত্তার সেমিনারে পৃথক প্রবন্ধ উপস্থাপনা করেন। মরিয়ার্টির বক্তব্য প্রসঙ্গে ফারুক খান বলেন, ‘এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাই। এ জন্য দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ কাঠামোগত চুক্তির (টিফা) বিষয়টি বিবেচনাধীন রয়েছে। একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক ফোরাম গঠনের আরেকটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।’ তবে এ ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত দেশের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।রেহমান সোবহান বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যের মধ্যে কিছু বাধা রয়েছে, যেগুলো মূলত যুক্তরাষ্ট্রের দিক থেকেই আসে। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা চাওয়া কোনো সুযোগ নয়। বাণিজ্যের জন্য প্রতিযোগিতার সমান ক্ষেত্র প্রস্তুতের জন্য এটি প্রয়োজন।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জিএসপি নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য খুবই হতাশাজনক। বাংলাদেশকে প্রায় ১৫ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করতে হয়। অথচ তাদের অনেক পণ্য এ দেশের বাজারে দুই শতাংশ শুল্ক দিয়েই প্রবেশ করতে পারে।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এ পর্যন্ত রপ্তানিতে যে উন্নতি করেছে, সেটা হয়েছে মূলত জিএসপি সুবিধার কারণেই। তবে এ কথাও ঠিক, বাংলাদেশের ব্যবসায়ীদেরও সক্ষমতা অনেক বেড়েছে।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানও বলেন, মার্কিন রাষ্ট্রদূতের কথাটা ঠিক নয়। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মার্কিন রাষ্ট্রদূতের কথা থেকে একটা পরিষ্কার সংকেত পাওয়া যায়, বিষয়টি এখন আর শুধু অর্থনৈতিক বিষয় নয়, রাজনৈতিক বিষয়ও।