যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশির ডলার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে গত বুধবার রাতে একজন বাংলাদেশি বিমানযাত্রীর পাঁচ হাজার ডলার খোয়া গেছে। তল্লাশির নামে তাঁর জ্যাকেটের পকেটে রাখা সব অর্থ হাতিয়ে নিয়েছেন কর্তব্যরত নিরাপত্তাকর্মী।জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রা স্মিডকে (৩১) বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই যাত্রী বহির্গামী বিমানে ওঠার আগে নিয়মিত নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হন। পরনের জ্যাকেটটি খুলে তিনি এক্স-রে তল্লাশির জন্য দেন। জ্যাকেট ফেরত পাওয়ার পর তিনি দেখতে পান, জ্যাকেটের পকেটে থাকা পাঁচ হাজার ডলার নেই। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে জানান।যাত্রীর অভিযোগের পর বিমানবন্দরের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, এক্স-রে মেশিনে দেওয়া যাত্রীর জ্যাকেটের পকেটে থাকা ডলারের বান্ডিল দেখা যাচ্ছে। পরক্ষণেই সেখানে কর্মরত নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রা কিছু একটা নিয়ে বিমানবন্দরের বাথরুমে যান। আলেকজান্দ্রাকে গ্রেপ্তার করা হলেও অর্থ উদ্ধার হয়নি। কর্মকর্তারা সন্দেহ করছেন, আলেকজান্দ্রা অর্থ হাতিয়ে নিয়ে বাথরুমে অন্য কারও কাছে দিয়েছেন।