যুক্তরাষ্ট্রের মূল ধারায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের এিশয়া-প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা নীনা আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল ধারায় প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় হতে হবে। জোরদার করতে হবে নাগরিকত্ব গ্রহণসহ ভোটার তালিকাভুক্তি।
গত শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নীনা আহমেদ এ কথা বলেন৷ প্রেসিডেন্ট ওবামার প্রশাসনে যোগ দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক তিনি৷
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী উৎসব এবং মেলার উদ্বোধন করেন কবি মহাদেব সাহা। অনুষ্ঠানের মূল মঞ্চের পাশের মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীও শুরু হয়েছে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে দক্ষিণ এশীয়দের আরও বেশি সম্পৃক্ত করার জন্য ওবামা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন নীনা আহমদে৷ তিনি জানান, ওবামার ক্ষমতার মেয়াদেই অভিবাসন সংস্কার আইন হবে। ইতিমধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নীনা আহমেদ বাংলাদেশের তৈরি পোশাক খাতে মার্কিন জিএসপি সুবিধাসংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান। চলতি বছরের শেষ দিকে তাঁর ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে বলে জানান৷
অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক বাংলা উৎসব এবং বইমেলার আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, রোকেয়া হায়দার, কনসাল জেনারেল শামীম আহসান, মোস্তফা সারোয়ার, দাউদ হায়দার, নুরুন্নবী, মইনুস সুলতান প্রমুখ।