যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব সংলাপে গুরুত্ব পাবে নিরাপত্তা
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে ২৩-২৪ জুন ওয়াশিংটনে অনুষ্ঠেয় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পঞ্চম অংশীদারত্ব সংলাপে। জঙ্গিবাদের হুমকির পরিপ্রেক্ষিতে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টিও বৈঠকে বাংলাদেশ তুলে ধরবে।
অংশীদারত্ব সংলাপের প্রস্তুতি হিসেবে গত মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র, বাণিজ্য, আইন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিনিয়োগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রস্তাবিত খসড়া আলোচ্যসূচি নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় আলোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা—এই তিন ভাগে যে বিষয়গুলো আলোচনা হবে, তা নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা নিজেদের মন্ত্রণালয় ও সংস্থার মত দিয়েছেন। এসব মতামতের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, সাধারণত যে দেশে বৈঠক হয়, আলোচ্যসূচির প্রথম খসড়াটি স্বাগতিক দেশ তৈরি করে। সে অনুযায়ী এবার ওয়াশিংটনে অনুষ্ঠেয় আলোচনার জন্য যুক্তরাষ্ট্র খসড়া আলোচ্যসূচি তৈরি করে তা বাংলাদেশকে দিয়েছে। ওই সূচিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বিমানবন্দরের নিরাপত্তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতার মতো বিষয়গুলো এসেছে। এখন বাংলাদেশের মতামত পাঠানো হবে।
নিরাপত্তার বিষয়টি নিয়ে কী আলোচনা হবে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে গত বছরের শেষ ভাগ থেকে সন্ত্রাসী হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যাকাণ্ডের পর বাংলাদেশে নিজেদের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত ওয়াশিংটন। এ পরিস্থিতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়টি বেশ জোর দিয়েই বলছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এ ক্ষেত্রে সাইবার নিরাপত্তা, আগাম তথ্য বিনিময়, উন্নততর প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে নিজস্ব নিরাপত্তাব্যবস্থার প্রস্তাব করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়গুলোতে কী অগ্রগতি হলো, তা নিয়ে ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।
ওই কর্মকর্তা বলেন, জুলহাজ হত্যার তদন্তের অগ্রগতি কতটা হলো, তা যুক্তরাষ্ট্রকে জানানো হবে। বাংলাদেশ তার নিজের নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যে বদ্ধপরিকর, সেটি জানানো হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে এতটুকু যে ছাড় দেওয়া হবে না সেটিও জোরালোভাবে তুলে ধরা হবে।