দীর্ঘ ১১ বছর ধরে আলোচনার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করতে যাচ্ছে সরকার। গতকাল সোমবার প্রস্তাবিত এই চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সময় ঠিক করে এই চুক্তি সই করা হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত তুলে ধরেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, বাণিজ্য প্রতিবন্ধকতা, মেধাস্বত্ব সংরক্ষণ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংক্রান্ত বিষয়াবলি এবং বিশেষ করে, ঘুষ ও দুর্নীতির বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু থেকেই মতানৈক্য ছিল। পরবর্তী সময়ে সমঝোতার মাধ্যমে বাংলাদেশ চুক্তির খসড়ায় এসব বিষয়ে অভিমত প্রতিষ্ঠিত করে। এ ছাড়া এক বছরেরও বেশি সময় ধরে শ্রম অধিকারের বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা হচ্ছিল না। যুক্তরাষ্ট্র চাচ্ছিল শ্রম অধিকার এখনই বাস্তবায়ন করতে হবে। আর বাংলাদেশ বলে আসছিল, এ অধিকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরে সব বিষয়েই মতৈক্য হয়।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, চুক্তি সই হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে নিয়মিত আলোচনার সুযোগ সৃষ্টি হবে, বিভিন্ন সমস্যারও সমাধান হবে। তিনি বলেন, সার্বিকভাবে মন্ত্রিসভা মনে করে, এ চুক্তি হলে বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে এবং যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত নেওয়ার পথও সংকুচিত হবে।
খসড়া অনুমোদনের ক্ষেত্রে কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে সচিব জানান, কোনো চাপ ছিল না। অগ্রাধিকারমূলক বিশেষ বাণিজ্য সুবিধা বা জিএসপির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। কবে নাগাদ চুক্তি হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে তা নির্ধারিত হবে।
বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিফা) করার জন্য যুক্তরাষ্ট্র প্রথম বাংলাদেশকে প্রস্তাব দেয় ২০০২ সালের সেপ্টেম্বরে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমোদনক্রমে ২০০৩-০৫ সময়ে এ নিয়ে তিন দফা দর-কষাকষি হয়। তবে মেধাস্বত্ব সংরক্ষণ, শ্রম অধিকার এবং ঘুষ-দুর্নীতির বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা হয়নি। ফলে চুক্তিও হয়নি। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিষয়টি কিছুটা সক্রিয় হলেও খসড়া তৈরি হয়নি।
বর্তমান সরকারের শুরুর বছর থেকে কয়েক দফা আলোচনার পর ২০১০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে একটি অবস্থানপত্র পাঠায় বাংলাদেশ। এতেই টিফার নাম বদলে রাখা হয় টিকফা। ২০১১ সালের এপ্রিলে এই অবস্থানপত্রের ওপর আলোচনা করতে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি। কিন্তু ঘুষ-দুর্নীতি, মেধাস্বত্ব সংরক্ষণ, শ্রম অধিকার এবং ডব্লিউটিওর বিধিবিধান নিয়ে তখন মতৈক্য হয়নি।
এরপর চার সদস্যের একটি প্রতিনিধিদল মার্কিন বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআরের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করে। এবারের আলোচনায়ও শ্রম অধিকার ছাড়া বাকি বিষয়গুলোতে মতৈক্যে পৌঁছায় উভয় দেশ। এক বছর ধরে উভয় দেশের মধ্যে চুক্তির খসড়া বিনিময় হয় কয়েক দফা।
কী আছে খসড়ায়: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের (উভয় পক্ষ) মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ়, বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরামের (টিকফা) খসড়া তৈরি করা হয়েছে। সোয়া তিন পৃষ্ঠার এই খসড়ার প্রারম্ভিক প্রস্তাবনায় আটটি স্বীকৃতি, তিনটি সদিচ্ছা ও সাতটি অনুচ্ছেদ রয়েছে।
স্বীকৃতি অংশে বলা হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগের জন্য উভয় পক্ষের মধ্যে একটি খোলামেলা ও দৃষ্টিগ্রাহ্য ভালো পরিবেশ তৈরি করা হবে। সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ থেকে লাভবান হবে উভয় পক্ষ এবং বাণিজ্য ও বিনিয়োগের পথে প্রতিবন্ধকতা এবং রক্ষণশীল উপাদানগুলো কমিয়ে আনা হবে।
বলা হয়েছে, জাতিসংঘের সদস্য হিসেবে উভয় পক্ষই জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের প্রতি আনুগত্য দেখাবে। বিশেষ করে, কনভেনশনের বাণিজ্য ও বিনিয়োগ-সম্পর্কিত ধারাগুলো অনুসরণ করতে হবে বাধ্যতামূলকভাবে। দেশীয় ও বৈদেশিক—উভয় ক্ষেত্রেই বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরি করতে হবে, যাতে প্রবৃদ্ধি বাড়ে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং তথ্যপ্রযুক্তি খাত তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
স্বীকৃতির মধ্যে আরও রয়েছে উভয় পক্ষের সেবা-বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করা; ডব্লিউটিওর আওতায় মেধাস্বত্ব আইন বাস্তবায়ন; আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মূলনীতি মেনে উভয় পক্ষের শ্রম অধিকার বাস্তবায়ন করা এবং পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ করতে পরিবেশ আইন মেনে চলা।
অনুচ্ছেদ ১: উভয় পক্ষ আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ তৈরিতে সম্মত এবং পণ্য ও সেবার বাজার বাড়ানোসহ পণ্যের বহুমুখীকরণে একমত।
অনুচ্ছেদ ২: টিকফা নামের একটি ফোরাম গঠিত হবে। বছরে কমপক্ষে একবার বৈঠক করবে এ ফোরাম। বাংলাদেশের পক্ষে এতে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে করবে ইউএসটিআর।
অনুচ্ছেদ ৩: এ ফোরাম উভয় পক্ষের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক পর্যবেক্ষণ করবে এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করবে। এ ছাড়া উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট বাণিজ্য ও বিনিয়োগের বিষয় চিহ্নিত করবে এ ফোরাম। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা অপসারণেও পদক্ষেপ নেবে। ক্ষেত্রবিশেষে বেসরকারি খাত ও সুশীল সমাজের পরামর্শ চাইবে এ ফোরাম।
অনুচ্ছেদ ৪: বাণিজ্য ও বিনিয়োগ-সম্পর্কিত সুনির্দিষ্ট বিষয় যেকোনো পক্ষ ফোরামে লিখিতভাবে উত্থাপন করতে পারবে। উত্থাপনকারী পক্ষ যদি ফিরতি আবেদনে বাতিল না করে, তাহলে ফোরাম যথাশিগগির তা গোচরে নেবে।
অনুচ্ছেদ ৫: উভয় পক্ষের জাতীয় আইনকে ক্ষতিগ্রস্ত করবে না এই চুক্তি।
অনুচ্ছেদ ৬: এই চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষই প্রস্তুত রয়েছে। চিঠি দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে জানিয়ে দেবে, কবে থেকে তারা তা বাস্তবায়ন করতে চায়। উভয় পক্ষের বাস্তবায়নের তারিখ যদি একই না হয়, তাহলে যে পক্ষ পরে তারিখ দেবে, সেই তারিখ থেকেই তা বলবৎ হবে।
অনুচ্ছেদ ৭: এক পক্ষ আরেক পক্ষকে লিখিতভাবে নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে বলতে পারবে। যে পক্ষ চুক্তি বাতিলের নোটিশ দেবে, সেই পক্ষ যদি তা প্রত্যাহার না করে নেয়, তাহলে ১৮০ দিনের মধ্যে তা কার্যকর হয়ে যাবে।
যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল প্রথম আলোকে জানান, টিকফা চুক্তি স্বাক্ষর এখন সময়ের ব্যাপার। তিনি মনে করেন, এর খসড়ায় এমন কোনো শর্ত নেই, যা বাংলাদেশের সংবিধানের ২৮, ৩৪ ও ৩৮ অনুচ্ছেদ এবং ২০০৬ সালের শ্রম আইনের পরিপন্থী। তাঁর মতে, চুক্তি হলে বাংলাদেশের কোনো ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে।