যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সই হচ্ছে ২৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করতে যাচ্ছে বাংলাদেশ। ২৫ নভেম্বর ওয়াশিংটনে বহুপ্রতীক্ষিত এ চুক্তিটি সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন সে দেশের বাণিজ্য দপ্তরের সচিব পর্যায়ের এক কর্মকর্তা।

জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘২৫ নভেম্বর ওয়াশিংটনে টিকফা চুক্তি সই হচ্ছে। চুক্তি সইয়ের জন্য বাণিজ্যসচিবের যুক্তরাষ্ট্র সফরের ফাইল এক সপ্তাহ আগেই আমি অনুমোদন দিয়েছি। টিকফার খসড়ায় এমন কিছু নেই যে এতে বাংলাদেশের স্বার্থ খোয়া যাবে। খসড়াটি ভালো করে না পড়ে, না বুঝে অনেকেই এযাবৎ টিকফার বিরোধিতা করেছেন বা এখনো করছেন।’

বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ২২ নভেম্বর তিনি টিকফা সইয়ের জন্য ওয়াশিংটনে যাবেন। ওই সফরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকসহ বেশ কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাবেন।

ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চুক্তি সইয়ের পরপর টিকফা কাউন্সিলের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে টিকফা সইয়ের জন্য ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রী মাইকেল বি জি ফ্রোমেন গত ৩০ সেপ্টেম্বর চিঠি লেখেন। ওই চিঠিতে ফ্রোমেন উল্লেখ করেন, খুব দ্রুত টিকফা সইয়ের তারিখ ও টিকফা কাউন্সিলের বৈঠক আয়োজন চূড়ান্ত করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বহুপ্রতীক্ষিত চুক্তিটি সইয়ের দিনক্ষণ চূড়ান্ত করতে এ মাসের শুরুতে প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। আর তাতে সম্মতি জানায় বাংলাদেশ।

জানা গেছে, টিকফা কাউন্সিলের বাণিজ্যসংক্রান্ত শ্রমমানসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবাধ বাজারসুবিধা (জিএসপি) কর্মপরিকল্পনা বাস্তবায়নের তথ্য বিনিময়ের সুযোগ অবারিত হবে।

উভয় পক্ষের জাতীয় আইনকে ক্ষতিগ্রস্ত না করার শর্ত সাপেক্ষে টিকফার খসড়া গত ১৭ জুন বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এর ১০ দিন পর গত ২৭ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকেই চুক্তিটি সইয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয় তাগিদ দিয়ে আসছিল। মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, টিকফা সই হলেই জিএসপি ফিরে পাবে বাংলাদেশ। যদিও একটির সঙ্গে অন্যটির যে কোনো সম্পর্ক নেই সেটি যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট করেই জানিয়েছে।

কী আছে খসড়ায়: উভয় দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ়, বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে টিকফা। খসড়ায় বলা হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগের জন্য উভয় পক্ষের মধ্যে একটি খোলামেলা ও দৃষ্টিগ্রাহ্য ভালো পরিবেশ তৈরি করা হবে। সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ থেকে লাভবান হবে উভয় পক্ষ এবং তারা বাণিজ্য ও বিনিয়োগের পথে প্রতিবন্ধকতা এবং রক্ষণশীল উপাদানগুলো কমিয়ে আনবে।

আরও বলা হয়েছে, জাতিসংঘের সদস্য হিসেবে উভয় পক্ষই জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের প্রতি আনুগত্য দেখাবে। বিশেষ করে, সনদের বাণিজ্য ও বিনিয়োগ-সম্পর্কিত ধারাগুলো অনুসরণ করতে হবেই। দেশীয় ও বৈদেশিক—উভয় ক্ষেত্রেই বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরি করতে হবে, যাতে প্রবৃদ্ধি বাড়ে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং তথ্যপ্রযুক্তি খাত তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

টিকফার খসড়ায় উভয় পক্ষের সেবা-বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূরীভূত করা; বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় মেধাস্বত্ব আইন বাস্তবায়ন; আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মূল নীতি মেনে উভয় দেশের শ্রম অধিকার বাস্তবায়ন এবং পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ করতে পরিবেশ আইন মেনে চলার কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে একটি ফোরাম গঠন করা হবে, যে ফোরাম বছরে কমপক্ষে একবার বৈঠক করবে। বাংলাদেশের পক্ষে এতে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। উভয় পক্ষের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যবেক্ষণ করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত করবে ফোরাম। এ ছাড়া উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট বাণিজ্য ও বিনিয়োগের বিষয় চিহ্নিত করবে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা অপসারণেও পদক্ষেপ নেবে। ক্ষেত্রবিশেষে বেসরকারি খাত ও নাগরিক সমাজের পরামর্শ চাইবে এ ফোরাম।