যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সই হলো
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) অবশেষে সই হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সম্মেলনকক্ষে গতকাল সোমবার রাত নয়টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০টা ১৫ মিনিট) এ চুক্তি সই হয়।
চুক্তি সইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএসটিআর মাইকেল ফ্রোম্যান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের। বাংলাদেশের পক্ষে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও যুক্তরাষ্ট্রের পক্ষে ডেপুটি ইউএসটিআর উইন্ডি কাটলার চুক্তিতে স্বাক্ষর করেন।
সইয়ের পর গতকাল রাত নয়টা ১৬ মিনিটে মুঠোফোনে এক খুদে বার্তায় বাণিজ্যসচিব প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন। বাণিজ্যসচিব বলেন, ‘টিকফা সই হলো। এরপর কয়েকটি বৈঠক রয়েছে।’
বাণিজ্যসচিব পরে টেলিফোনে বলেন, টিকফা ফোরামের প্রথম বৈঠক আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘টিকফা সইয়ে লাভবান হবে বাংলাদেশ। বাণিজ্য নিয়ে এত দিন উভয় দেশের কোনো ফোরাম ছিল না, এখন হলো। ব্যাপারটি এ ছাড়া কিছুই নয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে মাইকেল ফ্রোম্যান বলেন, টিকফা জিএসপিসহ বাণিজ্য ও শ্রমের বিষয়গুলো নিয়ে দুই দেশকে নিয়মিত আলোচনায় সম্পৃক্ত করবে এবং বাংলাদেশে শ্রমিকদের অধিকার ও শ্রম পরিস্থিতির উন্নতিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে সমর্থ হবে।
আন্তর্জাতিক বিষয়ে চুক্তি নিয়ে বাংলাদেশ সংবিধানের ১৪৫ (ক) ধারায় বলা হয়েছে, ‘বিদেশের সাথে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করবার ব্যবস্থা করবেন। তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।’ এ বছরের ১৭ জুন মন্ত্রিসভা টিকফার অনুমোদন দেয়।
উল্লেখ্য, এযাবৎ ৪১টি দেশ ও ছয়টি আঞ্চলিক জোটের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।
টিকফাকে দেশের স্বার্থবিরোধী চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, নির্বাচনকালীন সরকার রুটিন কাজ করবে বলে প্রধানমন্ত্রীও বলেছিলেন। কী কারণে এত তাড়াতাড়ি টিকফা সই করা হলো, তা একটা বিরাট প্রশ্ন।
চুক্তির খসড়ায় রয়েছে উভয় পক্ষের সেবা-বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূরীভূত করা, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় মেধাস্বত্ব আইন বাস্তবায়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মূল নীতি মেনে উভয় দেশের শ্রম অধিকার বাস্তবায়ন এবং পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ করতে পরিবেশ আইন মেনে চলা।