সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশে দাবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করুন
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন বাম প্রগতিশীল শিক্ষক-রাজনীতিক ও বুদ্ধিজীবীরা। একই সঙ্গে শিগগির হবে এমন চুক্তিগুলোও দ্রুত জাতীয় সংসদে উপস্থাপন করার দাবি করেছেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি করা হয়। বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর মোতায়েনের ষড়যন্ত্র ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরির ৬০ শতাংশ মোতায়েন প্রতিহত করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক কে এম সা’দ উদ্দিন। তিনি বলেন, তৃতীয় বিশ্বের যারাই মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, পরবর্তী সময়ে তাদের আর দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয়নি। লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশের প্রধান দলগুলোর সমালোচনা করে বলেন, শাসক দল বা প্রধান বিরোধী দল কেউই মার্কিন রণতরির সপ্তম নৌবহর নিয়ে চিন্তিত নয়; বরং তারা ওদের সঙ্গে বন্ধুত্ব করতে ব্যস্ত। তাই জনগণকেই এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহরের খবরটির সত্যতা পররাষ্ট্রমন্ত্রী বা মার্কিন রাষ্ট্রদূত উভয় পক্ষ অস্বীকার করলেও বাংলাদেশে নানা রূপে অস্থায়ী-স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতির কথা এখন পর্যন্ত কোনো পক্ষ নাকচ করেনি। অধ্যাপক এম এম আকাশ বলেন, কোনো অজুহাতে বা কোনো ধরনের অসম চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে মার্কিন রণতরির সপ্তম নৌবহরকে ঘাঁটি গাড়তে দেওয়া হবে না।সাম্রাজ্যবাদবিরোধী ঘোষণাপত্রের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহসানুল হক, অধ্যাপক ইমদাদুল হক, অধ্যাপক এ এন রাশেদা, প্রকৌশলী আবুল কাশেম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মোশরেফা মিশু, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য শাহাবুদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বাম প্রগতিশীল রাজনৈতিক দল, ছাত্র-যুব-শ্রমিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সমাবেশ শেষে সাম্রাজ্যবাদবিরোধী একটি বিশাল মিছিল জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, গোলাপ শাহ মাজার, গুলিস্তান, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।