যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদ দমন স্মারক সই হচ্ছে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনবিষয়ক একটি স্মারকে সই করতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ১১ ও ১২ জুলাইয়ের যুক্তরাষ্ট্র সফরে স্মারকটি সইয়ের কথা রয়েছে।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফর ও সন্ত্রাসবাদবিরোধী স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচারবিষয়ক একটি সেমিনারের পর এ সফরের বিষয়ে জানতে চাইলে মজীনা এসব তথ্য জানান।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন দূতাবাসের মাধ্যমে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর সম্পর্কে জানতে পেরেছেন। এমনকি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও এ সফর সম্পর্কে পুরোপুরি অবহিত নয়। তা ছাড়া দুদিনের এ সফরে তাঁর পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করবেন। তাই সামগ্রিকভাবে এ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের হতাশা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদ দমনবিষয়ক স্মারকটিতে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন সই করবেন। অথচ গত ২৭ মে ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের শেষে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক এবং ওয়েন্ডি শারমেনের স্মারকটিতে সইয়ের কথা ছিল।
জানা গেছে, ওয়েন্ডি শারমেন ছাড়াও যুক্তরাষ্ট্র সফরে স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন ব্যুরোর অস্থায়ী সমন্বয়কারী জেরি পি লেনিয়ার এবং মার্কিন আইন দপ্তরের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের প্রধান জেমস এল ক্যাপরার সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া অপরাধ দমনবিষয়ক একটি যৌথ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। ওই বৈঠকে অন্যদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর (এফবিআই) উপসহকারী অ্যাটর্নি জেনারেল ব্রুস সোয়ার্টজ ও মার্কিন আইন দপ্তরের আন্তর্জাতিক অপরাধ তদন্ত প্রশিক্ষণ সহায়তা কর্মসূচির পরিচালক কার ট্রেভেলিয়ান।
স্বরাষ্ট্রমন্ত্রী এফবিআইয়ের পরিচালক রবার্ট মুয়েলার কিংবা সংস্থার উপপরিচালকের সঙ্গেও দেখা করতে পারেন।
জানতে চাইলে ড্যান মজীনা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এফবিআই প্রধানের বৈঠক হবে কি না জানি না, তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোয়ানটিকোতে এফবিআই প্রশিক্ষণ স্কুল দেখতে চেয়েছেন এবং তিনি সেখানে যাবেন।
সন্ত্রাসবাদ দমন স্মারকের বিশেষ দিক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সই হতে যাওয়া এ স্মারকের মধ্যে রয়েছে অপরাধ দমনের লক্ষ্যে তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ দমনে সামর্থ্য বাড়াতে বাংলাদেশকে প্রশিক্ষণ সহায়তা এবং অস্ত্র বিক্রি।
জানা গেছে, স্মারকটি বাস্তবায়নে বাংলাদেশের পক্ষে সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর যুক্তরাষ্ট্রের পক্ষে এফবিআই, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সি পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্মারকটির প্রতিপাদ্য সম্পর্কে জানতে চাইলে, তিনি এ নিয়ে সইয়ের আগে মন্তব্য করতে অপারগতা জানান। তবে তিনি বলেন, এ স্মারকে তথ্য বিনিময় ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি সইয়ের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতা প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে।