ওয়াশিংটনে দুই দেশের অংশীদারত্ব সংলাপ ২৮ ও ২৯ অক্টোবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে আগ্রহী সরকার
ওয়াশিংটনে আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় অংশীদারত্ব সংলাপকে সামনে রেখে দুই দেশের সম্পর্ক নিবিড় করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের কূটনীতিকদের। রাজনীতি ও সুশাসন নিয়ে দুই পক্ষের মতপার্থক্য সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক নানাভাবে সম্প্রসারিত হওয়ার পটভূমিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র গত শুক্রবার প্রথম আলোকে জানিয়েছে, ওয়াশিংটনে ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারত্ব সংলাপের সময় ঢাকার এ মনোভাব মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে।
বিএনপির নেতৃত্বাধীন জোটের বর্জন ও অর্ধেকের বেশি সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সমালোচনার কারণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতভিন্নতা প্রকাশ পায়।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই হবে দুই দেশের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে প্রথম আলোচনা। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন দুই দেশের নেতৃত্ব দেবেন। এ ছাড়া ২৯ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশা দেসাই বিসওয়ালের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলাদা আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকেও সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনার কথা জানান দুই দেশের কূটনীতিকেরা।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও নিবিড় ও সম্প্রসারিত করার লক্ষ্যে সহযোগিতার বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব সংলাপে আলোচনা হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত করার মাধ্যমে আমরা আগামী দিনে তা উচ্চতর কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। এ ছাড়া আগামী দিনে উচ্চতর রাজনৈতিক পর্যায়ে বৈঠক আয়োজনের ব্যাপারে দুই পক্ষ আলোচনা করবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় অংশীদারত্ব সংলাপের আগে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা সম্প্রতি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সামগ্রিক বিষয় সম্পর্কে খোঁজ নেন। পুরো পরিস্থিতি শোনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক সম্প্রসারিত করার নির্দেশ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় করতে সরকার আগ্রহী হলেও ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে নিজের অবস্থানে সরকার অটল থাকবে। কারণ, সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে ওই সময় নির্বাচন ছাড়া সরকারের কোনো উপায় ছিল না। এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় অংশীদারত্ব সংলাপে নির্বাচনের প্রসঙ্গটি এলে বাংলাদেশের কর্মকর্তারা এ অবস্থানই তুলে ধরবেন।
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনামূলক অবস্থানের ব্যাপারে সরকারি দলের জ্যেষ্ঠ নেতাদের ইদানীং আর সোচ্চার হতে দেখা যায় না। অথচ নির্বাচনের পর থেকেই মাঠে-ময়দানে প্রতিনিয়ত সোচ্চার থেকেছেন সরকারের মন্ত্রী ও সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী থাকায় সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ ব্যাপারে সোচ্চার না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রাতিষ্ঠানিক যে কাঠামো রয়েছে, সেটি অব্যাহত থাকবে। তবে প্রশাসনিক পর্যায়ে, বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সম্পর্ক জোরদার হলেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনের মনোভাবের পরিবর্তন হয়ে যাবে—এমনটা আশা করা দুরূহ।
যা গুরুত্ব পাবে সংলাপে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গণতন্ত্র ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা—এ তিনটি বৃহৎ ক্ষেত্র নিয়ে অংশীদারত্ব সংলাপে কথা বলবেন দুই দেশের কর্মকর্তারা। এ তিনটি ক্ষেত্রের মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আইনের শাসন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ পরিবেশ ও আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া শ্রমিকের অধিকার, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামুদ্রিক অর্থনীতি, অভিবাসন ও রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং নাগরিক সমাজের বিষয়ে আলোচনা হবে।
তৃতীয় অংশীদারত্ব সংলাপে ঢাকার পক্ষ থেকে অন্য বিষয়গুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়টি বিবেচনার কথা তোলা হবে। অন্যদিকে, ওয়াশিংটনের পক্ষ থেকে আইএসবিরোধী লড়াইয়ে শামিল হতে ঢাকাকে পুনরায় অনুরোধ জানানো হবে। এর পাশাপাশি শ্রমমান, সন্ত্রাসবাদ দমন ও বিনিয়োগ পরিবেশের বিষয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় গুরুত্ব দেবে।
প্রসঙ্গত, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারত্ব সংলাপ ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুই পক্ষের সাংঘর্ষিক কর্মসূচির কারণে তা শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
এদিকে, সাবেক ও বর্তমানে ঢাকা এবং ওয়াশিংটনে কর্মরত বাংলাদেশের বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচন, গণতন্ত্র, সুশাসন এবং ড. ইউনূসকে কেন্দ্র করে ঢাকা এবং ওয়াশিংটনের দূরত্বটা দৃশ্যমান। তবে রাজনীতি ও সুশাসন নিয়ে দূরত্ব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক ও সম্প্রসারিত হয়েছে। দুই দেশ ইতিমধ্যেই অংশীদারত্ব সংলাপের পাশাপাশি সামরিক সংলাপ শুরু করেছে। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা ফোরাম (টিকফা) চুক্তি সই হয়েছে। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তাসহ নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য, দুর্যোগ মোকাবিলা, উন্নয়ন ও দুই দেশের জনগণের যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে অর্থনীতি ও বাণিজ্যের সামগ্রিক প্রেক্ষাপটে সম্পর্ক যতটা বিকশিত হওয়ার কথা ছিল, ঠিক ততটা হয়নি। পরোক্ষভাবে কখনো কখনো বাংলাদেশের রাজনীতি এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আবার অধিকাংশ ক্ষেত্রেই সহযোগিতা কীভাবে এগিয়ে নেওয়া উচিত, সে ব্যাপারে বাংলাদেশের পরিকল্পনা ও সামর্থ্যের অভাবও এ জন্য দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা।