যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতবিনিময়
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয়ের স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে দলটি এ দেশে এসেছে গত ২৮ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের পরিচালক মিজানুর আর. মিয়ার নেতৃত্বে ওই দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২৫ জন শিক্ষার্থী।বাংলাদেশে ক্ষুদ্রঋণ ও আর্থসামাজিক উন্নয়ন দেখতে শিক্ষার্থীরা বাংলাদেশে এসেছেন। তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে জানতে চান। তাঁদের প্রথম আলো সম্পর্কে ধারণা দিতে পত্রিকাটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।প্রথম আলোর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মতিউর রহমান বলেন, প্রথম আলো মনে করে, লেখালেখির মাধ্যমে সমালোচনা করা খুব সহজ। কিন্তু সমালোচনার পাশাপাশি উদাহরণ সৃষ্টি করা খুবই কঠিন। প্রথম আলো সেই চেষ্টা করছে শুরু থেকেই।প্রথম আলোর প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনীতি, অর্থনীতি, ক্ষুদ্রঋণ, এইচআইভি/এইডস প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা।এ সময় স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের সমন্বয়ক ডেভিড জ্যাকবসন, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।বিদেশি শিক্ষার্থীরা প্রথম আলোর কর্মকাণ্ড দেখে মুগ্ধ হন এবং বাংলাদেশ দ্রুত উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন।এর আগে প্রতিনিধিদলটি ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করে। এ ছাড়া কয়েক দিনে তাঁরা গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও আশার কার্যালয় পরিদর্শন করেন এবং নোবেলবিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস, ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী প্রমুখের সঙ্গে সাক্ষাৎ করেন।