যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আহ্বানে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার জন্য খালেদা জিয়ার আহ্বানে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে খালেদা জিয়াকে ওই বক্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান। তাঁরা বলেন, ওয়াশিংটন টাইমস-এ দেওয়া বক্তব্যে খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে একাত্তরে বাংলাদেশের ‘আত্মনিয়ন্ত্রণাধিকারের’ স্বীকৃতিদানকারী দেশ হিসেবে উল্লেখ করে সে সময়ের মতো ভূমিকা পালন করার কথা বলেছেন। অথচ এই মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেবল বিরোধিতাই করেনি; পাকিস্তানি শাসকদের অর্থ, অস্ত্র, কূটনৈতিক সাহায্য দিয়ে বাংলাদেশে তাদের পরিচালিত গণহত্যা ও অন্যায় আগ্রাসনকে সমর্থন জুগিয়েছে। বিজ্ঞপ্তি।