মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের ওপর যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপনের প্রথম দিনে রাষ্ট্রপক্ষ তিনটি অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করেছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি সাকা চৌধুরীর বিরুদ্ধে দ্বিতীয় (মাখনলাল শর্মাসহ পাঁচজনকে হত্যা), তৃতীয় (নূতন চন্দ্র সিংহ হত্যা) ও চতুর্থ অভিযোগের (জগৎমল্লপাড়ার গণহত্যা) ওপর যুক্তি দেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, একাত্তরের ১৩ এপ্রিল সকাল থেকে ধারাবাহিকভাবে সাকা চৌধুরীর নেতৃত্বে পাকিস্তানি সেনারা একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত করে। শান্তি কমিটির বৈঠকের কথা বলে মধ্য গহিরার হিন্দু সম্প্রদায়কে এক জায়গায় জড়ো করে হত্যা করা হয়।
পরে মাহবুবে আলম আশা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ১০ জুলাই আদালতের অবকাশ শুরু হওয়ার আগেই এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ হতে পারে। তবে কবে শেষ হবে, তা নির্ভর করছে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ও আদালতের সিদ্ধান্তের ওপর। তিনি বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষেরও আপিল করা উচিত ছিল। কারণ, এমন কয়েকটি অভিযোগে ট্রাইব্যুনাল তাঁকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন, যেগুলোতে আসামির মৃত্যুদণ্ড পাওয়া উচিত ছিল।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, যার মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩, ৫, ৬, ৮) ফাঁসির আদেশ ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দুপাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২, ৪, ৭) সাকা চৌধুরীকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ আর আপিল করেনি।