যুক্তি উপস্থাপন শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে
মানবতাবিরোধী অপরাধে

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার যুক্তি উপস্থাপন শুরু হচ্ছে। আজ থেকে যুক্তি দেবে রাষ্ট্রপক্ষ।
এর মধ্য দিয়ে এই মামলার চূড়ান্ত পর্যায় শুরু হচ্ছে। রাষ্ট্রপক্ষের পর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হবে।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
গতকাল আসামিপক্ষের শেষ সাক্ষী ও আবদুল আলীমের ছেলে সাজ্জাদ বিন আলীমকে জেরা শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।
জেরায় রানা দাশগুপ্ত প্রশ্ন করেন, আপনার বাবা (আলীম) কি ১৯৭০ সালে জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি আসন থেকে মুসলিম লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? জবাবে সাক্ষী বলেন, হ্যাঁ।
কৌঁসুলি মত (সাজেশন) দেন, আপনার বাবা ভাষাসৈনিক ছিলেন না। ভাষা আন্দোলন করেননি এবং সে কারণে কারাগারেও ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। কৌঁসুলী আবার মত দেন, আপনার বাবা মানবতাবিরোধী অপরাধে জড়িত, আপনি বাবাকে বাঁচাতে তাঁর পক্ষে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাজ্জাদ বলেন, এটা সত্য নয়।
জেরার শেষ পর্যায়ে ট্রাইব্যুনাল সাজ্জাদ বিন আলীমের কাছে জানতে চান, ১৯৭২ ও ১৯৭৩ সালে আপনার বাবা কোথায় ছিলেন? জবাবে সাজ্জাদ বলেন, ১৯৭২ সালে দালাল আইন হলে প্রথমে তাঁর বাবা ওই বছরের ২৮ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। পরের মাসে দালাল আইনের অধীনে তাঁর বিচার শুরু হয়। কিন্তু অপ্রতুল্য সাক্ষ্যের কারণে ওই মামলা থেকে তিনি খালাস পান। পরবর্তী সময়ে একই আইনের অধীনে তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হলে ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি তিনি মুক্তি পান।
সাজ্জাদকে রাষ্ট্রপক্ষের জেরা শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করেন। তিনি আসামিপক্ষের তৃতীয় ও শেষ সাক্ষী হিসেবে গত সোমবার সাক্ষ্য দেওয়া শুরু করেন।
আসামিপক্ষের আগে এই মামলায় রাষ্ট্রপক্ষের ৩৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।