ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ১৮ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১৷ গতকাল রোববার আসামিপক্ষ সময়ের আরজি জানালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এদিন ধার্য করেন৷
এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর দিন ধার্য ছিল৷ তবে গতকাল ট্রাইবুনালে আসামিপক্ষ জানান, তাঁরা এ মামলায় আসামিপক্ষের নতুন আইনজীবী হিসেবে মিজানুল ইসলামকে নিয়োগ করেছেন৷ তাই যুক্তি উপস্থাপনের জন্য তাঁরা সময়ের আরজি জানান৷ ট্রাইব্যুনাল তাঁদের আবেদন গ্রহণ করে সময় দেন৷
এই ট্রাইবুনাল গত বছরের ২৩ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেন৷ এর মধ্যে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন ও অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে৷
গত বছরের ২০ মে থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ মামলায় তদন্তকারী কর্মকর্তা শ্যামল চৌধুরীসহ রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন৷ আসামিপক্ষে গত ১৫ ডিসেম্বর থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোবারক হোসেন ও তাঁর বড় ছেলে মোহাম্মদ আসাদ উদ্দিন সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন৷ পরে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়৷