মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল মামলায় আসামিপক্ষ ২৪ মে থেকে যুক্তি উপস্থাপন শুরু করবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল সোমবার এই মামলায় ষষ্ঠ দিনের মতো শুনানি হয়। অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল মুজাহিদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। গতকাল তিনি আপিলের পেপারবুক থেকে মুজাহিদের বিরুদ্ধে দেওয়া ট্রাইব্যুনালের রায়, অভিযোগ ও সংশ্লিষ্ট সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন শেষ করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। তৃতীয় অভিযোগে (ফরিদপুরের রণজিৎ নাথকে আটক রেখে নির্যাতন) তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চম অভিযোগে (নাখালপাড়া সেনাক্যাম্পে আলতাফ মাহমুদ, রুমী, বদি, আজাদ, জুয়েল হত্যাকাণ্ড) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুজাহিদকে খালাস দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত বছরের ১১ আগস্ট আপিল করে মুজাহিদ খালাস চান। সর্বোচ্চ সাজা হওয়ায় এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। গত ২৯ এপ্রিল থেকে আপিল শুনানি শুরু হয়।
গতকাল নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘আশা করছি এ মাসের মধ্যেই যুক্তি উপস্থাপন শেষ হবে, যদি না এ সময়ের মধ্যে অন্য কোনো গুরুত্বপূর্ণ মামলা না আসে বা কোনো আইনজীবী অসুস্থ হয়ে যান বা অন্য কোনো ঘটনা ঘটে।’