যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের প্রতি ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল সুবহানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম যুক্তি উপস্থাপন শুরু করলে ট্রাইব্যুনাল জানতে চান, রাষ্ট্রপক্ষ কোনো নির্দিষ্ট অভিযোগে সুবহানের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় আনতে চায় কি না। জেয়াদ-আল-মালুম বলেন, সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগের সবগুলোতে রাষ্ট্রপক্ষ ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় আনতে চায়। এরপর তিনি অভিযোগ থেকে পড়া শুরু করেন।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, অভিযোগের ঘটনা নিয়ে আর পড়ার দরকার নেই। ইতিমধ্যে এগুলো শোনা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, সুবহান একাত্তরে পাবনা জেলা জামায়াতের আমির ও রাজাকার কমান্ডার ছিলেন। এ জন্য অধীনস্তদের ওপর সুবহানের কর্তৃত্ব ছিল।
ট্রাইব্যুনাল জানতে চান, আসামির বিরুদ্ধে অপরাধে অংশ নেওয়ার অভিযোগ যদি প্রমাণিত হয়, তবে তাঁর ঊর্ধ্বতন কর্তৃত্ব প্রমাণের কি প্রয়োজন আছে? মালুম বলেন, সুবহানের ব্যক্তিগত অপরাধের দায়ের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃত্বের দায়ও রয়েছে। কৌঁসুলি আবারও অভিযোগ থেকে পড়া শুরু করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘সবকিছু আপনার নখদর্পণে থাকতে হবে। আপনার জুনিয়ররা (সহযোগী) যে নোট করে দিয়েছেন, আপনি তাই পড়ছেন।’
একপর্যায়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে সুবহানের ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্ক নিয়ে যুক্তি দেন জেয়াদ-আল-মালুম। এ যুক্তিতে সন্তুষ্ট হতে না পেরে ট্রাইব্যুনাল বলেন, এতে তো ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় প্রমাণিত হয় না। মালুম বলেন, সুবহান তো ওই সময় বাদামবিক্রেতা ছিলেন না। এতে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনাল কৌঁসুলিকে বলেন, ‘আপনি যুক্তি উপস্থাপনের ভাষা ব্যবহার করছেন না। যুক্তি দেওয়ার সময় আপনাকে আইনি ভাষা ব্যবহার করতে হবে।’
আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করতে না পারায় আরেক দিন সময় চান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। পরে যুক্তি উপস্থাপন আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।