যুক্তি উপস্থাপনে আরেক দিন সময় পেল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষকে আরও এক দিন সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ সাকা চৌধুরীর বিরুদ্ধে আরও ১১টি অভিযোগের বিষয়ে যুক্তি দেয়। পরে ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপন শেষ করতে রাষ্ট্রপক্ষকে আজ বুধবারও সময় দেন। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। গতকালসহ তিন দিনে রাষ্ট্রপক্ষ ১৭টি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করল।তৃতীয় দিনেও যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। সাকা চৌধুরীর বিরুদ্ধে সপ্তম অভিযোগ একাত্তরের ১৪ এপ্রিল সতীশ চন্দ্র পালিত হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তি দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন ওই হত্যাকাণ্ডের চাক্ষুস সাক্ষী ও সতীশ চন্দ্রের ছেলে পরিতোষ পালিত। পরিতোষ সাক্ষ্যে বলেছেন, সতীশ চন্দ্রকে হত্যার আগে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের উদ্দেশে বলেন, ‘ওই লোকটা ডেঞ্জারাস...ওকে মেরে ফেলো।’ এতে প্রমাণিত হয়, পাকিস্তানি সেনাদের নির্দেশ দেওয়ার মতো ক্ষমতা আসামির ছিল। সতীশ চন্দ্রকে হত্যার পর তাঁর মরদেহের ওপর লেপ-কাঁথা রেখে ও রাসায়নিক পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়।অষ্টম অভিযোগ চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণের পর হত্যার। এ বিষয়ে যুক্তি দিয়ে সুলতান মাহ্মুদ বলেন, এ ঘটনার অন্যতম সাক্ষী শেখ আলমগীরের স্ত্রী উম্মে হাবিবা। তিনি শ্বশুর ও স্বামীকে অপহরণের প্রত্যক্ষদর্শী। ওই অপহরণের ঘটনাস্থলে আসামির উপস্থিতি শুধু এ ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতাই প্রমাণ করে না, অপহরণের পর তাঁদের হত্যায়ও আসামির নিয়ন্ত্রণ ছিল। কারণ, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যে এটা প্রমাণিত যে মোজাফফর ও আলমগীরকে ছাড়ানোর জন্য ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা) সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলে প্রতিবারই তিনি বলেছেন, এ বিষয়ে সাকা চৌধুরীর সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু মোজাফফর ও আলমগীর আর ফিরে আসেননি। চট্টগ্রামে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ওই অপহরণের ঘটনা ঘটানো হয়েছিল। এ ছাড়া শেখ মোজাফফর ছিলেন চট্টগ্রামের রাউজানে ফজলুল কাদের চৌধুরীর একজন প্রতিদ্বন্দ্বী।সাকা চৌধুরীর বিরুদ্ধে ৯, ১৩, ১৫ ও ১৬ নম্বর অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, এসব অভিযোগের সমর্থনে রাষ্ট্রপক্ষের কোনো মৌখিক সাক্ষ্য নেই। তবে দালিলিক নথি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।সাকা চৌধুরীর বিরুদ্ধে ২৩টি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ গত রোববার যুক্তি উপস্থাপন শুরু করে। যুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। পক্ষান্তরে, আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ট্রাইব্যুনাল চার দিন সময় বেঁধে দিয়েছেন।