যুক্তি ও মানবতার অপূর্ব ধারক ছিলেন আহমদ শরীফ
যুক্তি ও মানবতার অপূর্ব ধারক ছিলেন আহমদ শরীফ। তাঁর লেখনিতে এসবের সম্মিলন ঘটেছে পরিপূর্ণভাবে। অদৃষ্টবাদ আর বস্তুবাদের বিরুদ্ধে নিজের চিন্তাভাবনার শাণিত কলম চালিয়েছেন তিনি আজীবন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে আহমদ শরীফের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন। স্বদেশ চিন্তা সংঘ এ বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে ‘মানুষের জয় হোক, মানবতার বিজয় হোক’ শীর্ষক স্মারক বক্তৃতা পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজকর্মী শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানে সমাজসেবায় বিভিন্ন অবদানের পরিপ্রেক্ষিতে নারী সাংবাদিকতার পথিকৃৎ ও বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলোরি এ টেইলরকে আহমদ শরীফ স্মারক পুরস্কার দেওয়া হয়। স্বদেশ চিন্তা সংঘের সভাপতি আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আহমদ শরীফের বাল্যবন্ধু শ্রী আমরেন্দ্রনাথ মজুমদার, হাসান ফকরী প্রমুখ বক্তব্য দেন।