একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে গতকাল রোববার রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শুরু করেছে আসামিপক্ষ। কাল মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে গতকাল যুক্তি খণ্ডন করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান।
গত বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। যুক্তি খণ্ডনের সময় এস এম শাহজাহান বলেন, রাষ্ট্রপক্ষ বলেছে, সাঈদীর নাম ছিল দেলোয়ার হোসেন শিকদার, পরে শিকদার কেটে সাঈদী করা হয়েছে। গত ৭৫ বছরে (সাঈদীর বর্তমান বয়স ৭৫) আজ পর্যন্ত কেউ এমন একটি নথি এনে দেখাতে পারেনি যে শিকদার নাম কেটে সাঈদী করা হয়েছে। রাষ্ট্রপক্ষও এ ধরনের কোনো প্রমাণ দেখাতে পারেনি।
যুক্তি খণ্ডনকালে আসামিপক্ষ দাবি করে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১৯(২) ধারায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। সাক্ষী হাজির করতে না পারার বিষয়ে তদন্ত কর্মকর্তার বক্তব্যও বিশ্বাসযোগ্য নয়।
আসামিপক্ষের যুক্তি খণ্ডন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, আসামিপক্ষের যুক্তি খণ্ডন শেষে রাষ্ট্রপক্ষ চাইলে প্রত্যুত্তর দিতে পারবে। দুই পক্ষের যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হতে পারে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন সাঈদী ও রাষ্ট্রপক্ষ।