যুক্তি-তর্কে সেরা বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল

আবরার শাহরিয়ার, মাহাবুবা খাতুন ও ফারহানা আনজুম—বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের শিক্ষার্থী। এরা বগুড়া থেকে ঢাকায় এসেছিল বাসে করে। সারা রাত পথে কাটিয়ে আজ শুক্রবার সকালে রাজধানীর কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবে যোগ দেয় তারা। দিনভর উত্সবে একের পর এক প্রতিযোগিতার মুখোমুখি হতে গিয়ে একটু ক্লান্ত হয়ে পড়লেও শেষ বিকেলে ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন তারাই।
ফাইনালের অপর দলটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। অন্নদা বিদ্যালয়ের বিতার্কিক তৌহিদুর রহমান, নাজমুস সাকিব ও জোনায়েদ করিমও আনন্দিত। সারা দেশের এতগুলো দলকে হারিয়ে রানার-আপ হওয়াটা তো নেহাত কম প্রাপ্তি নয়।
চূড়ান্তপর্বে বিতর্কে অংশগ্রহণকারী খুদে বিতার্কিকদের যুক্তি-তর্ক বিন্যাসে মুগ্ধতা প্রকাশ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। ‘নেতা নয়, ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’ চূড়ান্তপর্বের বিতর্কের এই বিষয় নিয়ে নিজের মত দিয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় তর্কের খাতিরেই অনেক যুক্তি দিতে হয়। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, পরিবর্তনের জন্য প্রয়োজন ভালো মানুষের নেতৃত্ব।
আজ সকাল নয়টা বাজার কয়েক মিনিট পর জাতীয় সংগীতের সঙ্গে লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল জাতীয় পতাকা এবং লেখক-সাংবাদিক আনিসুল হক বিতর্ক উত্সবের পতাকা উত্তোলন করে উত্সবের সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে মো. মোস্তফা কামাল বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে উদ্দীপ্ত করবে বিতর্ক প্রতিযোগিতা।
আনিসুল হক বলেন, বিতর্কে জয় লাভ করা ভালো। জয়ী হয়ে তা উদযাপন করা আরও ভালো। তবে সবচেয়ে ভালো হচ্ছে পরাজয় মেনে নিতে পারা। পরাজয় মেনে নিতে পারার মধ্য দিয়ে যুক্তির মুক্তি ঘটে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। বিতর্ক পরিচালনার দায়িত্বে ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান। উত্সবের স্লোগান ‘যুক্তির মুক্তি’।
‘পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সব-২০১৩’ শিরোনামে এই প্রতিযোগিতা গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে শুরু হয়। দেশের ৩০টি এলাকায় আঞ্চলিক উত্সব হয়ে যাওয়ার পর অঞ্চলের সেরা দলগুলোকে নিয়ে ঢাকায় আয়োজন করা হয় বিতর্কের জাতীয় উত্সবের।
অঞ্চলের সেরা বিতার্কিকদের নিয়ে আয়োজন করা হয়েছিল বারোয়ারি বিতর্ক ‘যেভাবে আমি স্বপ্ন পূরণ করতে চাই’। বারোয়ারি বিতর্কে লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চবিদ্যালয়ের জান্নাতুল নাঈম সেরাদের সেরা, নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সৈয়দা বেদৌরা সামির প্রথম, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রামিশা তাসনীম দ্বিতীয় এবং ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেহজাবীন তোসরা তৃতীয় স্থান অধিকার করে।