যুক্তি দিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তি ও বিতর্কের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হলো প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব। গতকাল শনিবার উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্কুল বিতর্কে ভিকারুননিসা ও কলেজ বিতর্কে নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন হয়েছে । ‘আমরা স্বপ্ন দেখি তাই বিজয় আমাদের’—এ স্লোগান নিয়ে রাজধানীর সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ১৮ অক্টোবর শুরু হয় ছয় দিনব্যাপী প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব-২০১০। প্রথম আলোর সহযোগিতায় সেন্ট যোসেফ স্কুলের বিতার্কিকদের সংগঠন যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) এই উৎসবের আয়োজন করে। গতকাল উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে যুক্তি-তর্ক দিয়ে একটি বিষয় উপস্থাপন করছে, সবাই আশা করে জাতীয় সংসদেও এ ধরনের সুস্থ বিতর্ক হবে।’ ‘সাংসদদের এসব খুদে বিতার্কিকদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা নেতৃত্বে আছেন, তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ না করে, এ ধরনের সুস্থ বিতর্কের চর্চা করলে সুস্থ সমাজ গড়ে উঠত।’ এ প্রজন্ম অন্যের মতামতকে সম্মান জানিয়ে যুক্তি-তর্কের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলে, তাদের আগের প্রজন্মের ব্যর্থতা ঢেকে দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বলেন, ‘আমরা চাই এমন একটি দেশ, যেখানে কোনো অশান্তি থাকবে না। এ জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।’প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান বলেন, ‘আমরা চাই বিতর্কের মাধ্যমে মুক্তমনা, গণতন্ত্রমনা মানুষ তৈরি হোক। এ জন্য দরকার যুক্তি। যুক্তি দিয়ে বদলে যেতে হবে।’ এর আগে গতকাল স্কুল ও কলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ের বিতর্কে মুখোমুখি হয় ভিকারুননিসা নূন স্কুলের দুটি দল। এতে ভিকারুননিসা ডিবেটিং ক্লাব ‘প্রতীতি’ বিজয়ী (চ্যাম্পিয়ন) হয়। রানার আপ হয়েছে ভিকারুননিসা ডিবেটিং ক্লাব ‘তরঙ্গ’। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে প্রতীতির সুমাইয়াতুল আহসান। আন্তস্কুল ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম কলেজ-১। আর রানার আপ হয়েছে সিদ্দিকীস ইন্টারন্যাশনাল স্কুল।কলেজ পর্যায়ে চূড়ান্ত পর্বে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দল ‘রেমিয়ান্স ডিবেটিং সোসাইটি’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নটর ডেম কলেজ ডিবেটিং ক্লাব ‘গোল্ড’। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে নটর ডেম কলেজের ইনজামামুল আলম।স্কুল বারোয়ারিতে প্রথম হয়েছে ভিকারুননিসা স্কুলের ছাত্রী কিশওয়ারা সাদিয়া। কলেজ বারোয়ারিতে সেন্ট যোসেফের ছাত্র সাকিব বিন রশীদ প্রথম স্থান দখল করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এ বছর স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪টি দল এবং কলেজ পর্যায়ে আটটি কলেজ থেকে ১২টি দল অংশ নেয়।