যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে।
গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকারি কৌঁসুলি। পরে আদালত ১৯ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী বলেন, মৃত্যুর আগে হিমাদ্রী স্বজনদের কাছে তার ওপর হামলা ও কুকুর লেলিয়ে দেওয়ার বর্ণনা দেয়। স্বজনেরা ওই বর্ণনা মুঠোফোনে রেকর্ড করে রাখেন। রেকর্ডটি গতকাল আদালতে শোনানো হয়। এ ছাড়া ১৩ জন সাক্ষীর বক্তব্যে উঠে আসা ঘটনার বিবরণ যুক্তিতর্কে উপস্থাপন করা হয়।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে সে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনায় হিমাদ্রীর মামা অসিত কুমার পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।