যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আগামী ৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার এ মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে না পারায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ৪ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য থাকায় এই মামলায় কারাগারে আটক ঐশী রহমান ও আসাদুজ্জামান জনিকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামি মিজানুর রহমান আদালতে হাজির ছিলেন। পরে ঐশী ও আসাদুজ্জামানকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। ঐশী মাহফুজুর-স্বপ্না দম্পতির মেয়ে।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩৯ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ১৭ আগস্ট মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঐশী। মামলার তদন্ত শেষে গত বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।