কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এক আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত কাল মঙ্গলবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামি শাহ সেলিমের আইনজীবী আদালতকে জানিয়েছেন, মামলার সাক্ষীরা কেউ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। তাঁরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে। এ ঘটনায় হিমাদ্রীর মামা অসিত কুমার পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
গতকাল শুনানিকালে পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা দুই আসামি শাহ সেলিম ও শাহাদাত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জাহিদুর রহমান, জোনায়েদ আহমেদ ও মাহবুব আলী জামিনে গিয়ে পলাতক রয়েছেন।