যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত
চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এক আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত কাল মঙ্গলবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি শাহ সেলিমের আইনজীবী গতকাল আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিকে ফাঁসাতে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে তিনি দাবি করেন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় হিমাদ্রীর মামা অসিত কুমার পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।