চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার আসামি শাহ সেলিমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে যুক্ততর্ক উপস্থাপন করা হয়। আদালত আগামী সোমবার পরবর্তী দিন ধার্য রাখেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতকে জানান, নিহত হিমাদ্রীকে শাহ সেলিমের বাসার কুকুর লেলিয়ে দেওয়া হয়নি। তাঁকে তাঁর বাসায়ও মারা হয়নি। ছাদ থেকে ফেলেও দেওয়া হয়নি। তাঁর বন্ধুরা তাঁকে মেরে পাঁচলাইশ এলাকায় ফেলে রাখেন। এ ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। পরে আগামী সোমবার পরবর্তী দিন ধার্য রাখেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।