যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত
চট্টগ্রামে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এক আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত আগামী মঙ্গলবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জামিনে থাকা আসামি শাহাদাত হোসেনের পক্ষে তাঁর আইনজীবী গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে কুকুরের আঁচড় কিংবা কামড়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই মামলায় যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের কেউ ঘটনাস্থলের সাক্ষী নন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।