যুক্তিতর্ক উপস্থাপন শুরু
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৪) নির্যাতনের ২৮ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওচিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে পেটাতে দেখা গেলেও গতকাল রোববার আদালতে কামরুল জানিয়েছেন, তিনি নির্যাতন করেননি। এমনকি ঘটনার সময় ঘটনাস্থলেও ছিলেন না।
কামরুলের মুখে এ কথা শুনে আদালতে বাকি ১০ আসামিও অভিন্ন সুরে জানান, তাঁরা কেউই নির্যাতন করেননি এবং কেউ ঘটনাস্থলে ছিলেনও না। গতকাল সিলেট মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে মামলার আসামিদের ফৌজদারি কার্যবিধির পরীক্ষা ও যুক্তিতর্কের ধার্য তারিখে আসামিরা এ দাবি করেন। গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুক্তিতর্ক হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ সোমবার আবার যুক্তিতর্কের তারিখ ধার্য করেছেন।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদীপক্ষের অবশিষ্ট যুক্তিতর্ক হবে। পরে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে অংশ নেবেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করবেন।
আদালত সূত্র জানায়, ৩৪২ ধারায় আসামিদের গতকাল বেলা সাড়ে ১১টায় ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতকে মামলার প্রধান আসামি কামরুল ইসলাম জানান, তিনি রাজনকে নির্যাতন করেননি। তিনি ঘটনাস্থলেও ছিলেন না।
অন্য ১০ আসামিও একই কথা বলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তখন রাজনকে নির্যাতন করার ২৮ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওচিত্র মামলার আলামত হিসেবে সংরক্ষিত আছে বলে আদালতকে জানান।
পরে আসামিদের মধ্যে তিনজন আদালতে তাঁদের দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। এঁরা হচ্ছেন ঘটনার দিন রাজনের লাশ গুম করার সময় আটক কামরুলের বড় ভাই মুহিত আলম, পালিয়ে থাকার পর পুলিশের কাছে জনতার সোপর্দ করা আরেক ভাই আলী হায়দার ও কুমারগাঁও বাসস্ট্যান্ডের চৌকিদার ময়না মিয়া।
আদালতে আইনজীবীদের মাধ্যমে লিখিত এ আবেদন দাখিল করার সময় তিন আসামি কাঠগড়ায় উপস্থিত হয়ে জবানবন্দি প্রত্যাহারের বিষয়টি আদালতকে জানান। আসামিপক্ষের এসব আবেদন আদালত রেকর্ডে সংরক্ষিত থাকবে বলে গতকালের যুক্তিতর্ক মুলতবি ঘোষণা করেন আদালত।