সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার আসামিপক্ষের একাংশের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে আজ মঙ্গলবার। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করবেন।
আজ মামলার প্রধান আসামি কামরুল ইসলাম ও আরেক পলাতক আসামির পক্ষে দুই আইনজীবী যুক্তিতর্কে অংশ নেবেন। এর আগে গতকাল সোমবার দুপুর থেকে একনাগাড়ে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে অংশ নেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বলেন, আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। এরপর আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করবেন।
আদালত সূত্র জানায়, রোববার মুলতবি করা যুক্তিতর্ক গতকাল দুপুর পৌনে ১২টায় শুরু হয়। এর আগে মামলার ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। দুপুরে বিরতির আগ পর্যন্ত রাষ্ট্রপক্ষ ও রাজনের পরিবারের নিয়োগ করা আইনজীবীরা যুক্তিতর্কে অংশ নেন।
রাষ্ট্রপক্ষ ও রাজনের পরিবারের নিয়োগ করা আইনজীবীরা যুক্তিতর্কে অংশ নিয়ে ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মতামত ব্যক্ত করেন। অভিযুক্ত ১৩ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা ও ২০১ ধারায় ‘একই উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত হত্যা’ এবং ‘হত্যার পর লাশ গুম’ করার অপরাধে অভিযোগ গঠন যৌক্তিক বলেও তাঁরা আদালতকে অবহিত করেন।
বেলা আড়াইটায় দ্বিতীয় দফায় শুরু হওয়া যুক্তিতর্কে আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। একনাগাড়ে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলে এই যুক্তিতর্ক। একপর্যায়ে আদালত অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ মঙ্গলবার তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী রাজনের পরিবারের নিয়োগ করা আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম জানান, গতকাল ১০ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাঁদের নিয়োগ করা আইনজীবীরা। আজ আসামি কামরুল ও পলাতক আরেক আসামির পক্ষে দুজন আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনকালে কোনো প্রশ্ন থাকলে রাষ্ট্রপক্ষ অথবা রাজনের পরিবারের পক্ষের আইনজীবীরা জবাব দেবেন।
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়েছেন। মামলার প্রধান আসামি কামরুল পালিয়ে সৌদি আরব চলে গেলে ১৫ অক্টোবর তাঁকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হয়।