যুক্তিতর্ক খণ্ডন শেষে ১৯ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের সমর্থক চারজনকে হত্যার মামলায় যুক্তিতর্ক খণ্ডন শেষে ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালত ১৭ মে মামলার রায়ের দিন ধার্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে যুক্তিতর্ক খণ্ডন শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহম্মেদ।
জাসমিন আহম্মেদ বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়েছে। গতকাল যুক্তিতর্ক খণ্ডন শেষে আদালত উপস্থিত ১৯ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, মামলার মোট আসামি ছিল ২৩ জন। এর মধ্যে চার আসামি পলাতক। আদালত ১৭ মে রায়ের তারিখ ধার্য করেছেন।
২০০২ সালের ১২ মার্চ আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে ছাত্রলীগ কর্মী বারেক ও তাঁর ফুফাতো ভাই বাদল, ওমর ফারুক, কবীরকে ডেকে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বারেকের বাবা আজগর আলী বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।