জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে করা রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলা শুনতে অপারগতা প্রকাশ করেছেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ৷
গতকাল বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে এই মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরুর পরপরই বিচারক আবদুর রশিদ বলেন, ‘আমি এ মামলাটি শুনব না৷ আপনারা মামলাটি অন্য আদালতে নিয়ে যান৷’
এই আদালতের দুদকের কৌঁসুলি শাহীন আহমেদ খান পরে সাংবাদিকদের বলেন, বিচারকের এ বক্তব্যে আইনজীবীরা হতভম্ব হয়েছেন। বিচারক কেন এ রকম বললেন, সে সম্পর্কে তিনি কিছু জানেন না৷
অবশ্য এর আগে একই আদালতে দুদক দুই দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে৷ গতকাল তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থানের জন্য দিন ধার্য ছিল৷ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে নিয়মানুযায়ী রায় ঘোষণার জন্য দিন ধার্য করা কথা৷
এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলাটি বিচারকার্যের শেষ পর্যায় ছিল৷ গতকাল দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিচারক হঠাৎ করেই বলেন, তিনি আর শুনবেন না৷ কেন শুনানি গ্রহণ করবেন না, সে বিষয়ে বিচারক কিছু বলেননি৷
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা বিচারাধীন আছে৷ রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি ছাড়া অপরটি হলো মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলা৷ এর আগে মঞ্জুর হত্যা মামলার বিচার কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে এসে আদালত রায় ঘোষণার তারিখও ধার্য করেছিলেন৷ পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর হত্যা মামলায় রায় ঘোষণার আদেশ প্রত্যাহার করে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন৷ আর গতকাল রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতির মামলায় কোনো কারণ উল্লেখ ছাড়াই বিচারক শুনানি গ্রহণে অনীহা প্রকাশ করেন৷
রাডার ক্রয়ে দুর্নীতি মামলাটি হয় ১৯৯২ সালের ৪ মে৷ ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো৷ এরপর উচ্চ আদালতের নির্দেশে ১৯৯৮ সাল পর্যন্ত মামলাটি স্থগিত ছিল৷ পরে সাক্ষ্য গ্রহণের কোনো বাধা না থাকলেও ২০০৯ পর্যন্ত দুদক মামলার বাদী ও প্রধান সাক্ষী আলী হায়দারকে আদালতে হাজির করেনি৷ ২০১০ সালের ১৯ আগস্ট বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর গত তিন বছরে দুদক এই মামলায় ১২ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে৷