চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি অব্যাহত আছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, হিমাদ্রী হত্যার ঘটনার শুরু থেকে তদন্ত, সাক্ষীদের বক্তব্যসহ যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। আদালত বৃহস্পতিবারও শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। এই ঘটনায় করা মামলায় একই বছরের ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার দিন ধার্য করতে পারেন আদালত।