যুক্তিতর্ক শুনানি আগামী বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ আদেশ দেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, মামলার আসামি শাহ সেলিম টিপু সাফাই সাক্ষ্য দিতে সাতজনের তালিকা দেন। একই সঙ্গে আদালতের কাছে ১৫ দিন সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন। আগামী বুধবার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার দিন ধার্য করবেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পাঁচলাইশ থানার পুলিশ। গত বছরের ৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামি জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম ও মাহাবুব আলী খান। জামিনে আছেন আসামি শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন।