যুক্তিতর্ক শেষ, মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হত্যা
কুনিও হত্যা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার বিচারে যুক্তিতর্ক শেষ হয়েছে গতকাল রোববার। ২৮ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।

কুনিও হোশি হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে। পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে। একজন পলাতক। এ ছাড়া অভিযোগপত্রে নাম থাকা দুই জেএমবি সদস্য ঢাকা ও রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

গতকাল সকালে অভিযুক্ত পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, জেএমবি সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেন। পলাতক রয়েছেন জেএমবি সদস্য আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব।

সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সরকার ও আসামিপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি রথীশ চন্দ্র ভৌমিক। তিনি জানান, ৬০ কর্মদিবসে ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। আসামিদের পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য হয়েছে। ২৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে জাপানি নাগরিককে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এই মামলার আসামিরা। বিভিন্নজনের সাক্ষ্যের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।

এদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, এই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা নির্দোষ।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি সে এলাকায় গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষ করতেন। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী গত ৩ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগ গঠনের আগেই গত আগস্টে রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মামলার আসামি নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায়ও অভিযুক্ত ছিলেন। গত জানুয়ারিতে ঢাকার মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আসামি সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১)।

কুনিও হোশির হত্যাকাণ্ডের সাড়ে ১৩ মাস পর গত ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।