ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার রায় ঘোষণার জন্য ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবীরা। ২৪ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছিল। ২১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে ৩৫ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। ২২ ডিসেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিনে মামলার আট আসামির মধ্যে কারাগারে আটক সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। অপর আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৩১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায়
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মুফতি জসীম উদ্দিন ছাড়া এ মামলার অন্য সাত আসামি হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক।
এ মামলায় কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের আবার কারাগারে পাঠান আদালত। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোশাররফ হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।