পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার রায় ঘোষণার জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ গতকাল বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে এই তারিখ ধার্য করেন।
গতকাল এই মামলায় যুক্তিতর্কের ধার্য দিনে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। কারাগারে আটক এই মামলার দুই আসামি নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান ও তাঁর বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামি জামিনে থাকা মিজানুর রহমান আদালতে হাজির ছিলেন। আসামিদের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত।
এই মামলায় রাষ্ট্রপক্ষে ঐশীর চাচা মশিহুর রহমানসহ ৩৯ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যার ঘটনায় পরদিন ১৭ আগস্ট মশিহুর রহমান পল্টন থানায় এই মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঐশী। ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল দাবি করে ৫ সেপ্টেম্বর ওই জবানবন্দি প্রত্যাহার করার আবেদন জানান তিনি।
গত বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের ৬ মে ঐশী, জনি ও মিজানুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলাটি দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলে ৩০ নভেম্বর এই তিনজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়। ঐশীদের গৃহকর্মী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে মামলার বিচার চলছে শিশু আদালতে।