কুমিল্লায় অনুষ্ঠিত একুশে বিতর্ক উত্সবের দ্বিতীয় দিনে খুদে তার্কিকেরা যুক্তিতর্কের মাধ্যমে একুশকে লালন করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে তারা শুদ্ধ করে বাংলা ভাষার উচ্চারণ ও লেখার পক্ষে যুক্তি উপস্থাপন করে। বিতার্কিকেরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে তথা ব্রেকিং নিউজে ভুল বানান বন্ধ করার পক্ষে মত ব্যক্ত করে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা টাউন হল মিলনায়তনে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অমর একুশে বিতর্ক উত্সবে মেতে ওঠে। জমজমাট ওই বিতর্ক উত্সবে কলেজপর্যায়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, নোয়াখালী চৌমুহনী কলেজ ও লক্ষ্মীপুর সরকারি কলেজ। আজ বুধবার সমাপনী দিনে স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীরা সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেবে। ‘অমর একুশ শুধু একুশে ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ’ এবং ‘একুশকে আমরা ধারণের চেয়ে ক্ষরণ করেছি বেশি’ ওই শিরোনামের ওপর গতকাল বিতর্ক হয়।এর আগে ‘রক্তাক্ত একুশকে হূদয়ে ধারণ করে যুক্তিকে করি সঙ্গী’ স্লোগান নিয়ে গত সোমবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী একুশে বিতর্ক উত্সব-২০১০। প্রথম আলোর উদ্যোগে কুমিল্লার প্রজন্ম বিতর্ক সংগঠনের ব্যবস্থাপনায় ওই উত্সব হয়। গত সোমবার উদ্বোধনী দিনে সংগঠনের চেয়ারম্যান ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লার এনডিসি সেলিম হোসেন, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি ও বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ডের সহকারী পরিচালক আবদুল মান্নান ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। আনিসুল হক বলেন, ‘এখনো সর্বস্তরে রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়নি। তাই আমাদের বাংলা ভাষা ঠিকমতো বলতে, জানতে ও লিখতে হবে। এ জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে। সর্বোপরি বাংলা ভাষার চর্চার জন্য বিতর্ক করতে হবে। প্রথম আলো মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করে ২১ ফেব্রুয়ারি “দুনিয়া কাঁপানো ৩০ মিনিট” এবং বর্ণমালার বর্ণিল উত্সব করেছে।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘একুশকে আমরা ধারণের চেয়ে ক্ষরণ করেছি বেশি’ শীর্ষক রম্য বিতর্কে অংশ নেয়। বিকেলে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা ও ভৌতিক বিতর্ক হয়। ভৌতিক বিতর্কে টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী চলেশ রিচিলের মৃত্যুর কাহিনি ফুটিয়ে তোলে কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী পার্থ প্রতিম দাস, রাকিবুল হোসেন ও মো. মোশফিকুল সালেহীন। একুশে বিতর্ক উত্সবে কুমিল্লা জেলার প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।