যুক্তিতে মুক্তির মধ্য দিয়ে ঢাকার বিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করছে। ছবি: সাহাদত পারভেজ
বিতর্ক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করছে। ছবি: সাহাদত পারভেজ

‘যুক্তিতে মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার ঢাকায় শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সব-২০১৩-এর ঢাকা অঞ্চলের বিতর্ক উত্সব। রাজধানীর পান্থপথে লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে সকালে উত্সবের উদ্বোধন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
আজ ঢাকার দুটি অঞ্চলের প্রতিযোগিতা একসঙ্গে হচ্ছে। অংশ নিচ্ছে ৫১টি দল।
‘যুক্তিতে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বছরের অক্টোবরে শুরু হয় পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় বিতর্ক উত্সব-২০১৩। ইতিমধ্যে দেশের ৩০টি অঞ্চলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩০টি অঞ্চলের বিজয়ী ৩০ ও আজ ঢাকার বিজয়ী দুই দলকে নিয়ে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনের জাতীয় উত্সব।
জাতীয় উত্সবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য দলীয় ক্রেস্ট, সদস্যদের জন্য মেডেল ও সনদ এবং পুরস্কার হিসেবে বই দেওয়া হবে।
জাতীয় ও আঞ্চলিক উত্সব থেকে বাছাই করা ৩৫-৪০ জন বিতার্কিককে তিন দিনের বিতর্ক ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।