
পেশি ও প্রভাবশক্তি খাটিয়ে কোনোভাবেই নিজের মতামতকে প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত নয়। তর্কে যুক্তি থাকা চাই। এমনকি একান্ত ব্যক্তিভাবনাও যুক্তিনির্ভর হওয়া উচিত। তা হলেই চিন্তা ও মেধার উৎকর্ষ বৃদ্ধি পাবে। আর এর প্রতিফলন ঘটবে সমাজ ও রাষ্ট্রে। গতকাল সোমবার নরসিংদী অঞ্চলে অনুষ্ঠিত পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেন।
গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৩। সকাল ১০টায় নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রে এখন যুক্তির চেয়ে পেশিশক্তির প্রভাব লক্ষ করা যায়। বিতর্ক এখন নেতিবাচক শব্দ হয়ে গেছে। অথচ যুক্তিনির্ভর বিতর্ক ছাড়া মুক্তি নেই।
নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এ বি এম আমির হোসেন বলেন, সমাজের সর্বক্ষেত্রে বিতর্কের কমতি নেই। অভাব শুধু যুক্তির। স্কুলপর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর তর্কচর্চায় অভ্যস্ত করে তুলবে। নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবানী সাহা এই উদ্যোগকে স্বাগত জানান। উৎসবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কাশেম মোল্লা, মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান, মোহামঞ্চদ সোহরাওয়ার্দী, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রভাষক এম এ মাহতাব উদ্দিন ও মনিরুজ্জামান।
দিনব্যাপী বিতর্ক শেষে জনতা আদর্শ বিদ্যাপীঠ বিজয়ী হয়। রানার্সআপ হয়েছে নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সুবাহ্ বিনতে আহসান হয়েছে সেরা বিতার্তিক।
উৎসবে নরসিংদীর নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। সেগুলো হলো: ব্রাহ্মণদি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাঁচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চবিদ্যালয়, সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ, এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমস, ব্রাহ্মণদি কে কে এম সরকারি উচ্চবিদ্যালয়, জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, আলীজান জে এম একাডেমি ও জনতা আদর্শ বিদ্যাপীঠ।