যুক্তিবোধ ও প্রতিভা বিকাশে প্রয়োজন মুক্তবুদ্ধির চর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল সকালে বেলুন উড়িয়ে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব’–এর উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল সকালে বেলুন উড়িয়ে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব’–এর উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো

তরুণেরাই আগামীর পথনির্দেশক। পৃথিবীকে পাল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। স্বাধীন বাংলার পতাকা বহনের ভারও তরুণদের। তাদের যুক্তিবোধ ও প্রতিভা বিকাশের জন্য মুক্তবুদ্ধি ও সাংস্কৃতিক চর্চা নিয়মিত হওয়া প্রয়োজন। চট্টগ্রামে কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 বুধবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও রবীন্দ্রসংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার বলেন, তরুণদের ছাড়া কোনো আন্দোলন-সংগ্রামই সফল হয়নি। তারা আগামী দিনের প্রেরণা। মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে তরুণেরা বিশ্বমানচিত্রে দেশকে পরিচিত করেছে। তরুণদের মেধা বিকাশের জন্য যুক্তি ও সাংস্কৃতিক চর্চা প্রয়োজন।

কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘জীবনে চলার পথে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আত্মবিশ্বাস ও আরেকটি জীবনদর্শন। তারুণ্য উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে এ দুটোই আছে বলে আমাদের বিশ্বাস। তারাই আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের সুযোগ পায় না। কিন্তু সাংস্কৃতিক কার্যক্রম ছাড়া তরুণদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, তারুণ্যের এই উৎসব ২০১২ সাল থেকে নিয়মিত আয়োজন করে আসছে প্রথম আলো। এবার পঞ্চমবারের মতো উৎসব হচ্ছে।

তারুণ্য উৎসবে আন্তস্কুল ও আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি এবাই প্রথম যুক্ত করা হয়েছে আন্তস্কুল আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের ভাবনার বিষয় হিসেবে ঠিক করা হয়েছে ‘আধুনিক চট্টগ্রামের রূপরেখা ও বাস্তবায়ন’। চট্টগ্রাম নগরকে আধুনিক নগরে রূপান্তরের জন্য কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে ১৬টি বিদ্যালয় (শিক্ষার্থীরা) তাদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরবে।

উৎসবের প্রথম দিনে গতকাল চট্টগ্রামের ২৪টি বিদ্যালয়ের ২৪টি দলের মধ্যে আন্তস্কুল বিতর্ক ও ২৪টি কলেজের ২৮টি দলের মধ্যে আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। এতে দুটি ক্যাটাগরিতে (স্কুল ও কলেজ) চারটি করে দল সেমিফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ১৬টি বিদ্যালয়ের মধ্যে আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা ও বিকেলে ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। আগামীকাল শুক্রবার উৎসবের শেষ দিনে বিতর্ক, আইডিয়া জেনারেশন ও সাংস্কৃতিক বিষয়ে চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।