যুক্তির আলোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ী দলের সদস্যরা
দৃষ্টি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ী দলের সদস্যরা

সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। প্রধানমন্ত্রী প্রস্তাব করলেন, ‘এই সংসদ জোটগত রাজনীতি নিষিদ্ধ করবে।’ সঙ্গে সঙ্গে বিরোধী দলের তীব্র বিরোধিতা। তবে কোনো ওয়াকআউট কিংবা ফাইল ছোড়াছুড়ি করে নয়, যুক্তি দিয়েই তারা বোঝাল কেন এ প্রস্তাব সংসদে পাস করানো উচিত নয়। অপরদিকে শুধু প্রস্তাব উপস্থাপন করেই ক্ষান্ত নয় সরকারি দল। তারাও নানা যুক্তিতে বোঝাল এ প্রস্তাবের পক্ষে তাদের অবস্থানের উদ্দেশ্য। এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। অবশেষে বিরোধী দলের যুক্তিবাণের কাছে হার মানে সরকারি দল।
সরকারি দলে থাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে পরাজিত করে স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। দৃষ্টি চট্টগ্রাম আয়েজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে গত ৩০ জানুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিন ছিল ১ ফেব্রুয়ারি। এতে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সঙ্গে আমার বড় পার্থক্য হলো সময়। আমি একাত্তরের গৌরবজনক সময়ের সাক্ষী, তোমাদের হতে হবে আগামীর গৌরবময় বাংলাদেশের সাক্ষী। তোমাদের যা স্বপ্ন রয়েছে, তার সার্থক রূপায়ণের জন্য প্রয়োজন সময়ের সদ্ব্যবহার। তোমরা নতুন সময়ের সারথি, এ সময়কে কাজে লাগাতে হবে সঠিকভাবে।’
রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি সৈয়দ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান ও রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সাধারণ সম্পাদক এম শহিদুল্লাহ চৌধুরী। এর আগে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বিশ্বাস করে জুলিয়ান অ্যাসাঞ্জ একজন সাংবাদিক’। এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে হারিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষার্থী মাশফিক মিজান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছালেহ নূর।