তর্ক ও যুক্তির বিচারে সেরা হয়েছে নটর ডেম কলেজ। ‘পুঁজিবাজারের পতন সময়ের দাবি’ শীর্ষক সংসদীয় বিতর্কে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব ডিবেটারসকে (জিওডি) হারিয়ে দিয়েছে। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের বিতর্ক ও যুক্তিচর্চার আহ্বান জানিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে ‘এনডিডিসি-প্রথম আলো পঞ্চম ডিবেটারস লিগ ২০১২’।২৯ জানুয়ারি থেকে শুরু হয় আট দিনব্যাপী এই প্রতিযোগিতা। এতে মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকেরা অংশ নেয়। নটর ডেম ডিবেটিং ক্লাবের (এনডিডিসি) আয়োজনে সবগুলো বিতর্ক অনুষ্ঠিত হয় নটর ডেম কলেজ মিলনায়তনে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা (সিএসসি), উপাধ্যক্ষ বকুল এস রোজারিও (সিএসসি) এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।ফাদার বকুল এস রোজারিও বলেন, ‘বিতর্ক একটি মননশীল ও মুক্তবুদ্ধির চর্চা। বিতর্ক একজন শিক্ষার্থীকে নতুন করে ভাবতে শেখায়। তাই আমাদের প্রত্যেককে বিতর্কের সঙ্গে যুক্ত থাকা উচিত।’ আব্দুল কাইয়ুম তরুণ প্রজন্মকে বিতর্কের প্রতি আহ্বান জানিয়ে বলেন. ‘যুক্তিবাদী সমাজ বিনির্মাণে বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যুক্তিবাদী মানুষ। আর বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিবাদী মানুষ তৈরি করা সম্ভব।’পুরস্কার বিতরণ শেষে নটর ডেম কলেজ ও ভিকারুননিসা নূন কলেজের বিতার্কিকদের অংশগ্রহণে ‘বিশ্বমন্দার প্রভাব ভালোবাসায় সবচেয়ে বেশি’ রম্য বিতর্কের মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী এই আয়োজন।নটর ডেম কলেজ ও প্রথম আলোর সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যম সহযোগী ছিল রেডিও এবিসি, চ্যানেল আই ও স্টার ক্যাম্পাস। অনলাইন সহযোগী ছিল www.prothom-alo.com।