‘যুক্তির ভাষা ব্যবহার করে দেশকে বদলাতে হবে। সবাই যুক্তির ভাষায় কথা বলতে পারে না। তাই খুদে বিতার্কিকদের ওই ভাষায় কথা বলে সমাজের বিশৃঙ্খলা দূর করতে হবে। তা না হলে আমাদের সমাজ অন্তঃসারশূন্য হয়ে যাবে।’প্রথম আলোর উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লায় আয়োজিত একুশে বিতর্ক উত্সব-২০১০-এর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এ কথা বলেন। কুমিল্লা টাউন হল মিলনায়তনে প্রজন্ম বিতর্ক সংগঠন কুমিল্লার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আয়োজিত উত্সবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইশরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ডের সাবেক মহাপরিচালক এম খায়রুল কবীর, প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা দিলনাশি মোহসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সাবেক সভাপতি শফিকুর রহমান ও সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবীর। ‘রক্তাক্ত একুশকে ডিঙ্গিয়ে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন কেড়ে নিচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য’ শীর্ষক চূড়ান্ত বিতর্কে স্কুল ও কলেজপর্যায়ের চারটি দল অংশ নেয়। এর মধ্যে স্কুলপর্যায়ে কুমিল্লা ক্যাডেট কলেজকে হারিয়ে বিজয়ী হয় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল। বিজয়ী দলের কেয়া চৌধুরী জুঁই সেরা বক্তা হয়। অন্যদিকে কলেজপর্যায়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় কুমিল্লা ক্যাডেট কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ফারহাত আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক নানা কাজে সহযোগিতা করছে। এর মধ্যে বিতর্ককে পৃষ্ঠপোষকতা করা অন্যতম একটি সামাজিক কাজ। বিতর্কের মাধ্যমে খুদে তার্কিকেরা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে বদলে দেবে এবং যুক্তিবাদী পরিবেশে সমাজকে এগিয়ে নেবে।’ বার্ডের সাবেক মহাপরিচালক এম খায়রুল কবীর বলেন, ‘বিতর্ক প্রত্যাশা, ভাবনা ও চেতনার উণ্মেষ ঘটায়। তার্কিকেরা দেশকে আলোকিত করে হূদয়ের ভালোবাসা দিয়ে। আজকের ভাষা দিবসের এই তর্কযুদ্ধে যেন তার্কিকদের মিলনমেলাই হলো।’পরে বিজয়ী তার্কিকদের ক্রেস্ট দেওয়া হয়। তা ছাড়া কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে সর্বোচ্চসংখ্যক বিতার্কিক অংশ নেওয়ায় তাদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। তা ছাড়া বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় প্রজন্ম বিতর্ক সংগঠনের সদস্যরা। এতে নুসরাত জাহান, মিথিলা সুলতানা ও রাকিবুল হাসান জয়ী হয়। ‘রক্তাক্ত একুশকে হূদয়ে ধারণ করে যুক্তিকে করি সঙ্গী’ স্লোগান নিয়ে গত সোমবার থেকে কুমিল্লায় শুরু হয় তিন দিনব্যাপী এ বিতর্ক উত্সব। প্রথম আলোর আর্থিক পৃষ্ঠপোষকতায় কুমিল্লার প্রজন্ম বিতর্ক সংগঠনের ব্যবস্থাপনায় ওই উত্সব হয়।